ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দেশে প্রতিদিন গড়ে ৫৭ নারী ও শিশু নির্যাতনের শিকার

দেশে প্রতিদিন গড়ে ৫৭ নারী ও শিশু নির্যাতনের শিকার
×
×

প্রতীকী ছবি

 বকুল আহমেদ 

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০৮:৪৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ০৮:৫৯

| প্রিন্ট সংস্করণ

নরসিংদীর এক কিশোরী রাজধানীর গুলশানের একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। কুমিল্লার বুড়িচংয়ের এক তরুণ টিকটকারের সঙ্গে সামাজিক মাধ্যমে ওই গৃহকর্মীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে গত ২৫ সেপ্টেম্বর কিশোরীকে বুড়িচংয়ে ডেকে নেয় ওই তরুণ। রাত ৯টায় সেখানে পৌঁছানোর পর তাকে ময়নামতি পাহাড়ের পাদদেশে একটি স্কুলে নিয়ে ধর্ষণের পর পালিয়ে যায় তরুণ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ধর্ষণের শিকার মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরদিন অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়।

এমন ঘটনা বিচ্ছিন্ন নয়। সামাজিক মাধ্যমে পরিচয়, প্রেম কিংবা বিয়ের প্রলোভনে পড়ে কিশোরী, নারী নির্যাতন, ধর্ষণ ও পাচারের শিকার হচ্ছেন। শুধু অনলাইন প্ল্যাটফর্ম নয়; পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানাভাবে শিশু, কিশোরী, তরুণী, নারী সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছেন। অধিকাংশ ঘটনা লজ্জা, ভয়, সামাজিক চাপ কিংবা বিচারহীনতার শঙ্কায় আড়ালে থেকে যায়। ফলে সরকারি-বেসরকারি পরিসংখ্যানে যে চিত্র উঠে আসে, বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। 

এমন পরিস্থিতির মধ্যেই আজ বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। দিবসটি ঘিরে নারী-শিশুর নিরাপত্তা, নির্যাতন প্রতিরোধ ও বিচার নিশ্চিত করার বিষয়টি সামনে এলেও বাস্তবে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন কতটা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

বিশ্লেষকরা বলছেন, নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি জরুরি। এ ছাড়া দ্রুত বিচারের মাধ্যমে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে এ অপরাধ অনেকটা লাগাম টেনে ধরা সম্ভব।

পুলিশ সদরদপ্তরের তথ্যানুযায়ী, ২০২১ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ লাখ ২১ হাজার ২৬টি মামলা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৫৭টি নির্যাতনের ঘটনা ঘটছে। আর চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রতিদিন গড়ে ৬১টির বেশি। এই সময়ে মোট নির্যাতনে ঘটনা সারাদেশে ১৮ হাজার ৬৬৮টি।

পুলিশের তথ্যমতে, ২০২১ থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৫২৪টি মামলায় অভিযোগপত্র এবং ১৪ হাজার ৬৩ মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। 

বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, গত ১০ মাসে দুই হাজার ৪১১ শিশু ও নারী নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তারা এ তথ্য সংগ্রহ করে। একইভাবে তথ্য সংগ্রহ করা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) পরিসংখ্যান বলছে, গত ১০ মাসে দুই হাজার ৬৬৫ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৭৩৯ জন, যাদের মধ্যে ৪৩৪ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। ১৫০ নারী ও কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৫ জনকে।

অন্যদিকে, ৭৬৮ নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে শিশু ৩১২। যৌতুকের কারণে নির্যাতনের ঘটনায় ৪১ জন নিহত, আহত হয়েছেন ৩৭ নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৫০৪ জন, আহত হয়েছেন ৩০৫ এবং আত্মহত্যা করেছেন ২৪০ নারী। এ ছাড়া এসিড সহিংসতার শিকার ছয়জন।

মাদকের টাকা নিয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপ
মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী তৃষা খাতুনকে এসিড নিক্ষেপ করে রিকশাচালক স্বামী শহিদুল ইসলাম। রাজশাহী মহানগরীর বোয়ালিয়ার দড়িখরবোনা এলাকায় এ ঘটনা ঘটে গত ৫ নভেম্বর। শহিদুল এখন রাজশাহী কারাগারে বন্দি। 
ভুক্তভোগী তৃষা খাতুন সমকালকে বলেন, আমার স্বামী রিকশা চালিয়ে যা আয় করে, মাদকের পেছনে চলে যেত। আমি অন্যের বাড়ি কাজ করে মাসে ছয় হাজার টাকা বেতন পাই। তা-ই দিয়ে সংসার চলে। নেশা করার জন্য আমার কাছ থেকে প্রায়ই টাকা জোর করে নিয়ে নিত। না দিলে মারধর  করত। সেদিন (৫ নভেম্বর) রাতে ঘরে শুয়ে ছিলাম। শহিদুল সুযোগ বুঝে জানালা দিয়ে আমার মুখে এসিড ঢেলে পালিয়ে যায়। আমি তার শাস্তি চাই। 

প্রেমের ফাঁদে কিশোরী
স্কুলে যাওয়া-আসার পথে সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে এক তরুণের পরিচয়। মেয়েটির সঙ্গে দেখা করতে প্রায় প্রতিদিন তরুণ রাস্তায় দাঁড়িয়ে থাকত। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। এর সূত্র ধরে গত ৯ মে রাতে তরুণ স্কুলছাত্রীকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলে। ওই তরুণ তাকে মোটরসাইকেলে তুলে একটি পুকুরপাড়ে নিয়ে তার বন্ধুসহ মিলে ধর্ষণ করে। এটি রাজাবাড়ীর ঘটনা। এ ঘটনায় তরুণসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গোয়ালন্দঘাট থানায় দায়ের হওয়া মামলায় এরই মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

গত ৮ জানুয়ারি জামালপুরের মেষ্টা ইউনিয়নে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হন। স্ত্রীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে গেলে স্বামীকে শীতের রাতে ভুট্টাক্ষেতে বেঁধে রাখা হয়। ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে পাবনার ঈশ্বরদীতে বাড়িতে ঢুকে দাদিকে হত্যা করে কিশোরী নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ১৪ মার্চ চুয়াডাঙ্গার দামুড়হুদায় দলিয়াপুরে এক নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশুকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ধর্ষণের পর গলা কেটে হত্যা করে। ৩ মে ফরিদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়। ২৩ জুন রংপুরের তারাগঞ্জে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিশুকে।

নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ করা প্রয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক সমকালকে বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন ও উদযাপনের বিষযবস্তু নির্ধারণ করে দেশজুড়ে পালন করা হলেও নারীর প্রতি সহিংসতা এখন ধারাবাহিকভাবে বাড়ছে। নারীরা ঘরে ও বাইরে অধিকারের প্রশ্নে, ক্ষমতায়নের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, বিচারে দীর্ঘসূত্রতা, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, নারীদের একত্রিত শক্তি হয়ে সহিংসতা প্রতিরোধের উদাহরণ তৈরি করা কিংবা প্ল্যাটফর্মের অনুপস্থিতি এবং নারীরা সামাজিক কিংবা পেশাগত পরিচয়ের ভিত্তিতে বিভাজিত হয়ে পড়ছে। 

অপরাধীর জবাবদিহি নিশ্চিত করতে হবে
মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির বলেন, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন শুধু ব্যক্তিগত বা সামাজিক সমস্যা নয়; এটি রাষ্ট্রের মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার ও দায়িত্ব পালনেরও প্রশ্ন। দেশে আইন ও নীতিমালা থাকার পরও নারী ও শিশুর প্রতি ধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, অনলাইন হয়রানিসহ নানা ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বিদ্যমান। অনেক ক্ষেত্রে বিচারহীনতা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের দায়িত্ব শুধু অপরাধের বিচার নিশ্চিত করা নয়; বরং সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীর নিরাপত্তা, আইনি ও মনঃসামাজিক সহায়তা এবং অপরাধীর জবাবদিহি নিশ্চিত করা। নারীর মর্যাদা, সমতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে মানবাধিকার ও গণতন্ত্র– কোনোটাই পূর্ণতা পাবে না।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা সমকালকে বলেন, নারী নির্যাতনের অভিযোগ পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। কোনো নারী নির্যাতনের শিকার হয়ে ন্যায়বিচার থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়ে পুলিশ সচেষ্ট।

 

আরও পড়ুন

×