ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৬:০৩ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০৯:৫৭

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে আবরার হত্যা মামলার চার্জশিট দাখিল প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, সব আইনি বাধ্যবাধকতা শেষ করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। আগামী সোমবার থেকে প্রসিকিউশন টিম কাজ শুরু করবে।

তিনি বলেন, সরকার দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। মামলার গুরুত্ব বিবেচনা করে আমরা আগেই প্রসিকিউশন টিম গঠন করে রেখেছিলাম। তদন্ত শেষে চাজশিট আদালতে জমা দেওয়া হয়েছে। এখন প্রসিকিশন টিম কাজ শুরু করবে।

আনিসুল হক বলেন, মামলার বিচার শুরু করার আগে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে এজন্য সরকার সচেষ্ট রয়েছে।

আইনমন্ত্রী বলেন, আবরার হত্যা মামলা আদালতে প্রতিবেদন দাখিলের পর কিছু প্রক্রিয়া রয়েছে। আসামিদের কেউ যদি পলাতক থাকে তাদের হাজির হওয়ার জন্য আদেশ দিতে হয়। সে যদি হাজির না হয়, তাকে যাতে পলাতক অবস্থায় বিচার করা যায়। সেজন্যও গেজেট জারি করতে হয়, সেসব আনুষ্টানিক বিষয়গুলো শেষ হলে প্রসিকিউশন টিম এই দায়িত্ব গ্রহণ করবে। তারা যেন এই সব কাজ দ্রুত শেষ করে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আবেদন আসতে হবে। সেটা আইনমন্ত্রণালয়ে আসলে আমরা দ্রুত বিচার আদালতে বিচারের জন্য প্রক্রিয়া শেষ করবো।

তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে না পারলে ১৫ দিন সময় বৃদ্ধি করা হয়। এই ১৩৫ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে হয়।

আনিসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রীরর নির্দেশ ও জনগণের চাহিদা অনুযায়ী এই হত্যার বিচার যথা শিগগিরই করা হবে। জনগণ চেয়েছে নুসরাত হত্যার বিচার দ্রুত করার জন্য, সেটাও করা হয়েছে। আবরার হত্যার বিচার দ্রুত করতে হবে। সব আইনি বাধ্যবাধকতা শেষ করে আমরা আবরার হত্যা মামলার বিচার করবো।

আরও পড়ুন

×