লতিফ সিদ্দিকীর জামিন বহাল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৩:১৯ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:২৮
দুর্নীতির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ দুদকের আবেদন খারিজের (ডিসমিসড) আদেশ দেন।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘লতিফ সিদ্দিকীর জামিন স্থগিতের আবেদন আপিল বিভাগ ডিসমিসড করে দিয়েছেন।’
আইনজীবীরা জানায়, দুদকের আবেদন খারিজ হয়ে যাওয়ায় লতিফ সিদ্দিকীর মুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই।
এর আগে ১৭ নভেম্বর পর্যন্ত লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত করে গত ১১ নভেম্বর আদেশ দেন আপিল বিভাগ।
তারও আগে গত ৪ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দিয়েছিলেন। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
- বিষয় :
- লতিফ সিদ্দিকী
- লতিফ সিদ্দিকীর জামিন
