ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: নিহতদের ক্ষতিপূরণ আদেশ স্থগিত

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: নিহতদের ক্ষতিপূরণ আদেশ স্থগিত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ০৯:৫৫

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ও নিহত ৩৭ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল দ্রুত নিস্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং রাষ্ট্রপক্ষের আবেদন নিস্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী মার-ই-য়াম খন্দকার।

গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে জরুরি প্রয়োজন বিবেচনায় পাঁচ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানিকে নির্দেশ দেন হাইকোর্ট। আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে ভুক্তোভোগীদের মাঝে এ টাকা বিতরণ করতে বলেন হাইকোর্ট। সেই সঙ্গে দগ্ধ ও নিহত ৩৭ জনের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

ওই আদেশ স্থগিত চেয়ে তিতাস ও রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করলে আপিল বিভাগের চেম্বার আদালত গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশটি স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। মঙ্গলবার আপিল বিভাগের শুনানি শেষে ক্ষতিপূরণ প্রদানের চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখেই আবেদন দু’টি নিষ্পত্তি করা হয়।

আরও পড়ুন

×