ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সব ভাস্কর্য রক্ষায় রিট

সব ভাস্কর্য রক্ষায় রিট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৫

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী উত্তম লাহেরি। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার বা মঙ্গলবারের মধ্যে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

রিটের পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা যুথী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বাধীনতার প্রতীক। তার ভাস্কর্য অরক্ষিত থাকবে- এটা হতে পারে না। রিটে বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

গত শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য ভেঙে দেয় দুর্বৃত্তরা। এর আগে গত ১৩ নভেম্বর ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে 'তৌহিদী জনতা ঐক্যপরিষদ'-এর ব্যানারে এক সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়। একই দিনে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন।

আরও পড়ুন

×