ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে
রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ড থেকে বুধবার কোনও ট্রাক ছেড়ে যায়নি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ২৩:৫২ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ০০:৩০
ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৯ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে সরেজমিনে দেখা যায়, সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। সেখান থেকে কোনও ট্রাক ছেড়ে যায়নি। তবে বিভিন্ন স্থান থেকে টার্মিনালে কিছু ট্রাক আসতে দেখা যায়।
ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বলেন, বুধবার সকাল থেকে শান্তিপূর্ণ কর্মবিরতি চলছে। কোনও ট্রাক কোথাও পণ্য নিয়ে যায়নি।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জেল হোসেন জানান, নতুন সড়ক পরিবহন আইন স্থগিতসহ ৯ দফা দাবিতে তাদের এ কর্মসূচি। দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। আইনটি প্রয়োগ শুরুর পরপরই প্রথমে দেশের কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ হয়। এরপর আজ বুধবার থেকে সারাদেশে ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তারা নতুন সড়ক পরিবহন আইন স্থগিত করে সংশোধনের জন্য ৯ দফা দাবি জানিয়েছেন।
- বিষয় :
- ট্রাক-কাভার্ডভ্যান
- ধর্মঘট
