ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

অভিনেত্রী নওশাবার মামলা হাইকোর্টে স্থগিত

অভিনেত্রী নওশাবার মামলা হাইকোর্টে স্থগিত
×

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৫:৪২ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:৪৭

স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুক লাইভে গুজব ছড়ানো ও উস্কানির অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

নওশাবার এক আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়। কেন ওই মামলার কার্যক্রম বাতিল করা হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত। চার সপ্তাহের মধ্যে সরকারকে তা জানাতে বলা হয়েছে।

আদালতে নওশাবার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

পরে জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, মামলাটি দায়ের করা হয়েছে ২০১৮ সালের ৫ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে। এদিকে তথ্যপ্রযুক্তি আইন বিলুপ্ত হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ কার্যকর হয় ওই সালের ৮ অক্টোবর। নতুন আইনের ৬১ ধারা মতে, তথ্যপ্রযুক্তি আইনের কোনো মামলা বিচারাধীন থাকলে তা ডিজিটাল নিরাপত্তা আইনেও চলমান থাকবে। কিন্তু এ মামলার চার্জিশট দেওয়া হয় ২০১৯ সালের ৩০ এপ্রিল। অভিযোগ আমলে নেওয়া হয়েছে ৩ সেপ্টেম্বর। তাই এ মামলার কার্যক্রম অবৈধ। এই কারণে তা বাতিল চেয়ে আবেদনের পর ৬ মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলা হয়েছে বলে দাবি করে নিজের ফেসবুকে লাইভে আসেন নওশাবা। ওইদিন রাতেই উত্তরা থেকে র‌্যাব তাকে আটক করে। পরের দিন উত্তরা-পশ্চিম থানায় তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়। ৫ আগস্ট পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে আদালতে হাজির করে চার দিন রিমান্ডে নেয়।

আলোচিত এ মামলার তদন্ত শেষে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক শওকত আলী সরকার গত ১২ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নওশাবার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

কাজী নওশাবা ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করতে জনসাধারণের অনুভূতিতে আঘাত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনোর জন্য মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ এবং প্রচার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ (সংশোধনী) এর ৫৭ (২) ধারায় অপরাধ করেছেন বলে চার্জশিটে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকার মহানগর হাকিম দিদার হোসেন ২৮ মে ওই অভিযোগপত্র আমলে নিয়ে নওশাবাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। অভিযোগ গঠনের শুনানির আগেই মামলাটি হাই কোর্টের আদেশে স্থগিত হয়ে গেল।

আরও পড়ুন

×