বেরোবিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সেশনজটমুক্ত ঘোষণা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ- সমকাল
রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৭:৫১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সেশনজটমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন উপাচার্য প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারে এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মতো পর্যায়ক্রমে ২১টি বিভাগকে সেশনজটমুক্ত করা হবে। এই লক্ষ্যে বিভাগগুলোর শিক্ষকদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শাকিবুল ইসলাম, মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, প্রভাষক মো. আমিনুল ইসলাম, মো. সানজিদ ইসলাম খান, মেহনাজ আব্বাসী বাঁধনসহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সংশ্নিষ্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।
এ সময় এমদাদুল হক বলেন, 'আগামী ১ জানুয়ারি থেকে বিভাগের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।'
