রিফাত হত্যায় ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২৮ নভেম্বর
রিফাত শরীফ- ফাইল ছবি
বরগুনা ও আমতলী প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৯:১৬
বরগুনার শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত। একই সঙ্গে তিন আসামির জামিন নামঞ্জুর ও তিন আসামিকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। এ সময় মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য এর চার্জ গঠনের তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল ধার্য তারিখে আল কাইউম ওরফে রাব্বি আকন, মো. হাসান এবং মোহাইমিনুল ইসলাম সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। রাকিবুল হাসান রিফাত ফরাজি, কামরুল ইসলাম সাইমুন এবং মো. সাগর পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেন। পরে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
বুধবার কারাগারে
থাকা প্রাপ্ত বয়স্ক ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া বাবার সঙ্গে
আদালতে হাজির হন জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
পরে চার্জ গঠনের শুনানির দিন নির্ধারণ করে আসামিদের ফের কারাগারে পাঠানোর
নির্দেশ দেন।
- বিষয় :
- বরগুনা
- রিফাত হত্যা
