ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
ধর্মঘটের কারণে বুধবার রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সারিবদ্ধভাবে রাখা হয় ট্রাক- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ১৩:১১ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ১৪:১০
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের জন্য ৯ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।
বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি জানান, বৈঠকে আলোচনার ভিত্তিতে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার থেকে তারা ধর্মঘট প্রত্যাহার করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালিক-শ্রমিকদের ৯টি দাবির তিনটি মেনে নিয়েছে সরকার। বাকিগুলোও বিবেচনা করা হবে।
এ সময় সেখানে উপস্থিত ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক নেতারাও ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার কথা জানান।
মেনে নেওয়া দাবিগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চালকরা এখন যে শ্রেণির লাইসেন্স দিয়ে গাড়ি চালাচ্ছেন, তা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত গাড়ি চালাতে পারবেন। বর্তমানে হালকা যানের লাইসেন্স দিয়ে যারা বাস চালাচ্ছেন, তারা তা অব্যাহত রাখতে পারবেন। ফিটনেস হালনাগাদ না থাকা গাড়ির প্রযোজ্য জরিমানা আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। জরিমানা মওকুফের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। গাড়ির আকার আকৃতি পরিবর্তনের জন্য সড়ক পরিবহন আইনে এক থেকে তিন লাখ টাকা জরিমানার যে বিধান রয়েছে তাও ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। আইনটি প্রয়োগ শুরুর পরপরই প্রথমে দেশের কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ হয়। এরপর নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের জন্য ৯ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এদিন সকালে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে সরেজমিনে দেখা যায়, সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। সেখান থেকে কোনও ট্রাক ছেড়ে যায়নি। তবে বিভিন্ন স্থান থেকে টার্মিনালে কিছু ট্রাক আসতে দেখা যায়।
উদ্ভূত পরিস্থিতিতে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের নিয়ে বুধবার রাত ৯টার দিকে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন উপ-কমিটির প্রধান আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির সরকারি বাসভবনে বৈঠকে বসেন। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (হাইওয়ে) ব্যারিস্টার মাহবুবুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মীর শহিদুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান ড. কামরুল আহসান, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ জ্যেষ্ঠ নেতারা।
রাত ১টার দিকে বৈঠক শেষে ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী সাংবাদিকদের জানান, তাদের তিনটি দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে গাড়ি চলাচল করবে।
- বিষয় :
- ট্রাক-কাভার্ডভ্যান
- ধর্মঘট
