সরাসরি কৃষকের কাছ থেকে ৬ লাখ টন ধান কেনা হবে: কৃষিমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:২৭
এবার আমন মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ছয় লাখ টন ধান কেনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় চালের দর বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও কয়েকদিন ধরে চালের দাম বেড়েছে। ভালো মানের চালের দাম কেজিপ্রতি চার-পাঁচ টাকা করে বেড়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) খাদ্যপণ্যের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিন দিনের এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।
কৃষিমন্ত্রী বলেন, সরকারের চাল কেনার ঘোষণায় ধানের দাম ১০০-২০০ টাকা বেড়েছে। এটা কৃষকের জন্য সুখবর। ধান কেনার ক্ষেত্রে সরকার দরিদ্র কৃষকদের অগ্রাধিকার দেবে। লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।
প্রদর্শনী প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, গত বছর দেশে ৪০ লাখ টন আলু উদ্বৃত্ত ছিল। উৎপাদিত পণ্যে মূল্য সংযোজন করা জরুরি। এ প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে প্রক্রিয়াজাত কৃষিপণ্য খাত ব্যাপক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিশ্বদীপ দে বলেন, কৃষি খাতে কয়েক বছরে বাংলাদেশ খুব ভালো করেছে। রপ্তানি আয় বেড়েছে। ভারতও বাংলাদেশের কৃষির বড় একটি বাজার। বাংলাদেশ থেকে ২১ ধরনের কৃষিপণ্য ভারতে যায়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান বলেন, বাংলাদেশ এখন ১৪৪টি দেশে কৃষিপণ্য রপ্তানি করে। বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) প্রতিনিধি রবার্ট ডগলাস সিম্পসন বলেন, বাংলাদেশের কৃষিজাত পণ্য বহুমুখী ও শক্তিশালী খাত। এ দেশের বেসরকারি খাত খুব ভালো করছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মেরিন সুহ, এসিআই এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারি, বাপার প্রেসিডেন্ট আ ফ ম ফখরুল ইসলাম মুনশি, সংস্থার জেনারেল সেক্রেটারি ইকতাদুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী প্রমুখ।
ভারত, চীনসহ বিশ্বের ২৫টি দেশের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত।
- বিষয় :
- ড. আবদুর রাজ্জাক
- কৃষিমন্ত্রী
