ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ঢাকা-ভোলা রুটে গ্রিন লাইন-২ লঞ্চ চালু সোমবার

ঢাকা-ভোলা রুটে গ্রিন লাইন-২ লঞ্চ চালু সোমবার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:৩৭

ভোলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-ইলিশা (ভোলা) নৌরুটে দিনে আধুনিক ক্যাটামারান যাত্রীবাহী লঞ্চ চালু হচ্ছে। আগামী সোমবার থেকে ইকোনমি এবং বিজনেস ক্লাস সিটের 'এমভি গ্রিন লাইন-২' নামের লঞ্চটি দিনে চলাচল করবে। এটি গন্তব্যে পৌঁছতে সময় নেবে মাত্র পাঁচ ঘণ্টা।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান গ্রিন লাইন পরিবহন ও গ্রিন লাইন ওয়াটার ওয়েজের স্বত্বাধিকারী হাজি আলাউদ্দিন। 

তিনি জানান, এমভি গ্রিন লাইন-২ দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকার নৌ-যোগাযোগ সুগম এবং পর্যটক ও সাধারণ যাত্রী পরিবহনে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে যাচ্ছে। আগামী সোমবার থেকে ঢাকা-ইলিশা (ভোলা)-ঢাকা নৌরুটে এটি চালু হবে। এর আগে শুক্রবার ঢাকা থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করবে। এতে কোনো যাত্রী নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ঢাকার সদরঘাট লালকুঠি ঘাট থেকে যাত্রা শুরু করবে। অন্যদিকে দুপুর দেড়টায় ইলিশা ঘাট বিশেষ টার্মিনাল থেকে ছাড়বে এটি। টিকিট পাওয়া যাবে দেশের সব গ্রিন লাইন কাউন্টারে। এ ছাড়া ঢাকার সদরঘাট ও বরিশালের বিশেষ টার্মিনাল থেকে এবং অনলাইনে পরিবহন ডটকম থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

লঞ্চটিতে ওয়াইফাই সুবিধা, কমপ্লিমেন্টারি খাবার এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে।

সংবাদ সম্মেলনে গ্রিন লাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, চট্টগ্রাম জোনের ম্যানেজার মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×