দুদকের কাজে জনগণকে সম্পৃক্ত করা হবে: ইকবাল মাহমুদ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:৫০ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১১:০৬
‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে জনগণকে সম্পৃক্ত করা হবে। অভিযোগ যাচাই-বাছাইয়ের কাজে বিদ্যালয়, কলেজের শিক্ষকসহ অন্য পেশার প্রতিনিধিদের যুক্ত করা হবে। প্রয়োজনে কোনো জনপ্রতিনিধিকেও আনা হবে। এখন থেকে কমিশনের সব কাজই খোলামেলা হতে হবে। জনগণের জানার সুযোগ রাখা হবে। রাখঢাক মানসিকতা থেকে সরে আসতে হবে।’
দুদকের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ দুদকের কাছে কী প্রত্যাশা করে, তা নিজেদের ভেতরে ধারণ করতে হবে। দুর্নীতি দমন ও প্রতিরোধে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। এটি করা সম্ভব হলেই দুদকের প্রতি জনআস্থা সৃষ্টি হবে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় মূল বক্তব্য দেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্তসহ অন্য কর্মকর্তারা বক্তব্য দেন।
ইকবাল মাহমুদ বলেন, দুদকের নিজস্ব কর্মকর্তাদেরই প্রতিষ্ঠানটিকে কার্যকর ও অর্থবহ করে তুলতে হবে। যারা সরকারের বিভিন্ন দপ্তর থেকে এই প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে নিযুক্ত হন, তারা অতিথি পাখির মতোই। তারা একদিন চলে যাবেন। থাকবেন কমিশনের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীরা। দুদক যে নিজের প্রতিষ্ঠান, এটা তাদের কাজের মধ্য দিয়েই প্রমাণ করতে হবে।
দুদক চেয়ারম্যান আরও বলেন, যারা কাজের প্রতি অবহেলা করেন, উদাসীন থাকেন, তারা প্রতিষ্ঠানটিকে নিজের বলে মনে করেন না। প্রতিষ্ঠানের জন্য এটিই দুর্ভাগ্য। সততা, একাগ্রতার সঙ্গে কাজ না করা হলে একদিন এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। তবে আগামী বছর থেকে প্রত্যেক কর্মকর্তাকে এমন মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। অন্যথায় তাদের কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে। যার পরিণতি কঠোর হতে পারে।
আসন্ন নতুন বছর থেকে কর্মকর্তাদের জন্য অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাপ্রাইজাল রিপোর্ট তৈরি করা হবে। তার মধ্য থেকেই বেরিয়ে আসবে কারা কাজ করেন আর কারা করেন না। কর্মকর্তাদের কাজের দক্ষতা, চিন্তা-চেতনা সমৃদ্ধ করতে দুদক কম্পাউন্ডের ভেতরে একটি ট্রেনিং সেন্টার চালু করা হবে।
শিগগির দুদকের আন্তর্জাতিক মানের নতুন ভবনের কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়।
গণশুনানি প্রসঙ্গে কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, দুদকের গণশুনানি চালু হওয়ার পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে গণশুনানি করছে। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, যারা গণশুনানি করছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার আগে নিজেদের স্বচ্ছ হতে হবে।
সভায় আরও বক্তব্য দেন দুদক মহাপরিচালক সারোয়ার মাহমুদ, পরিচালক মো. আক্তার হোসেন, নাসিম আনোয়ার, উপপরিচালক মো. তালেবুর রহমান প্রমুখ।
- বিষয় :
- দুদক
- ইকবাল মাহমুদ
- দুর্নীতি দমন কমিশন
