প্রধানমন্ত্রী শুক্রবার কলকাতা যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:৫৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে টেস্ট ম্যাচ দেখতে এক দিনের সরকারি সফরে শুক্রবার কলকাতা যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। খবর বাসসের
শুক্রবার থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকালে কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ঘণ্টাখানেক পর ফ্লাইটটি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনসে যাবেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী এদিন প্রথমার্ধের খেলা দেখার পর হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। ম্যাচ শেষে প্রধানমন্ত্রী ইডেন গার্ডেনস স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বিমানে রাতেই ঢাকায় ফিরবেন।
এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী কলকাতায় টেস্ট ম্যাচ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।
- বিষয় :
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
