সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক মাকসুদ কামাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৬:৪৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
বুধবার অধ্যাপক ড. মাকসুদ কামাল নিজেই বিষয়টি সমকালকে নিশ্চিত করেন। তিনি বলেন, 'প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হওয়ার একটি চিঠি পেয়েছি। আগামী সপ্তাহে সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ডিনদের নিয়ে একটি সভা ডাকা হবে। সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এর আগে সরকারি এ সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন। প্রথমে অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও পরে বর্তমান ভারপ্রাপ্ত ডিন মুহাম্মাদ আবদুল মঈন এ দায়িত্বে ছিলেন। তাদের সময়ে সাত কলেজের শিক্ষার্থীদের নানা আন্দোলন ও অসন্তোষ দেখা যায়। এমন প্রেক্ষাপটে অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে এ দায়িত্ব দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে চারবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কও ছিলেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতিও অধ্যাপক মাকসুদ কামাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটেরও সদস্য।