কুমিল্লায় জলাবদ্ধতা: পরীক্ষার্থীদের দুর্ভোগে শিক্ষা বোর্ডের দুঃখ প্রকাশ
ছবি- সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৩:৩৩
অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের সাময়িক দুর্ভোগের ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ এ দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, সোমবারের পরীক্ষা গ্রহণে শিক্ষা বোর্ডের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ভোররাতে আকস্মিক ভারী বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করার সুযোগ ছিল না। তবে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।
চেয়ারম্যান জানান, বুধবারের এইচএসসি পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করে নগরীর অজিত গুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের আর কোনো দুর্ভোগ হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, চলতি বছর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সরকারি মহিলা কলেজ কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কুমিল্লা শিক্ষা বোর্ড আরও সতর্ক ও সচেষ্ট থাকবে।
উল্লেখ্য, সোমবার টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি স্থানে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে পরবর্তী পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনও করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. শিপন মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক সালাহউদ্দিন, উপসচিব (একাডেমিক) আব্দুল কাদির, কলেজ পরিদর্শক ড. মো. জাহাঙ্গীর আলম মজুমদার এবং বিদ্যালয় উপপরিদর্শক আখতার হোসেন।