ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চলনবিলে চার দিনে কাঁচামরিচের দাম তিনগুণ, বাড়ছে অন্যান্য সবজির দামও

চলনবিলে চার দিনে কাঁচামরিচের দাম তিনগুণ, বাড়ছে অন্যান্য সবজির দামও
×

ফাইল ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৪:২০

মাত্র চার থেকে পাঁচ দিনের ব্যবধানে চলনবিল অঞ্চলের বিভিন্ন উপজেলার হাট-বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৫০ থেকে বেড়ে ১৫০-১৬০ টাকায় পৌঁছেছে। একই সময়ে প্রায় সব ধরনের সবজির দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা সাম্প্রতিক বন্যা ও টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়াকে দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করলেও এতে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, টানা ভারী বর্ষণের প্রভাবে তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, চাটমোহর, গুরুদাসপুর, সিংড়া, আত্রাইসহ চলনবিল অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে কাঁচামরিচ ও অন্যান্য সবজির দাম হঠাৎ বেড়ে গেছে।

তাড়াশের স্কুলশিক্ষক বাবুল আকতার বলেন, শুধু কাঁচামরিচ নয়, ঢ্যাঁড়শ, পটোল, মিষ্টিকুমড়া, বরবটি, করলা, বেগুন, পুঁইশাক, লালশাক, কলার মোচাসহ প্রায় সব ধরনের সবজির দাম চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি–কেজিতে ১০০ থেকে ১১০ টাকা।

চাচকৈড় বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বলেন, কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে গেছে। ফলে মোকামে কাঁচামরিচ ও অন্যান্য সবজি বেশি দামে কিনতে হচ্ছে। সেই বাড়তি দামই খুচরা বাজারে প্রভাব ফেলছে।

তাড়াশ পৌর এলাকার বাসিন্দা সবদের আলী বলেন, আগে গ্রামের বাজারে শহরের তুলনায় কিছুটা কম দামে সবজি পাওয়া যেত। এখন গ্রাম ও শহরের বাজারদর প্রায় সমান হয়ে গেছে। ফলে কাঁচামরিচ ও সবজি কিনতে সবাইকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের সংসারের ব্যয় আরও বেড়ে গেছে।

আরও পড়ুন

×