রিমান্ড এলেই 'অসুস্থ' সম্রাট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৭:১৫
অসুস্থতার কথা বলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে এনে শনিবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
রোববার তাকে রিমান্ডে নিয়ে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরুর কথা ছিল। কিন্তু রিমান্ডে নেওয়ার আগে তিনি 'অসুস্থ' হয়ে পড়েন। এ কারণে তাকে দুদকে নেওয়া সম্ভব হয়নি।
এর আগেও মাদক ও অস্ত্র আইনের মামলায় রিমান্ড শুনানি দিন সামনে রেখে ৮ অক্টোবর বুকে ব্যথার কথা বলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি সম্রাট। তখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে কোনো সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। চার দিন চিকিৎসাধীন থাকার পর কারাগারে নেওয়া হয় তাকে। তখন রিমান্ড শুনানি পেছানো হয়েছিল।
অবৈধ সম্পদের অভিযোগে গত ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় দুদুকের আবেদনের প্রেক্ষিতে ১৭ নভেম্বর আদালত সম্রাটকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার তাকে রিমান্ডে নিয়ে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরুর কথা ছিল।
হাই সিকিউরিটি কারাগারের এক কর্মকর্তা জানান, শনিবার রাতে সম্রাটের হার্টের সমস্যা দেখা দিলে প্রথমে গাজীপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রাতেই সেখান থেকে বিসএমএমইউ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযানে গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে স্রমাটকে গ্রেফতার করে র্যাব। একই সঙ্গে গ্রেফতার হন তার ঘনিষ্ঠ ও যুবলীগের বহিস্কৃত নেতা এনামুল হক আরমান।
ওইদিন দুপুরে তাদের ঢাকায় আনা হয়।
সম্রাটকে নিয়ে কাকরাইলে তার অফিসে অভিযান চালান র্যাব সদস্যরা। অবৈধভাবে
ক্যাঙারুর চামড়া সংরক্ষণের দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের
কারাদণ্ড দেন।
- বিষয় :
- সম্রাট
- রিমান্ড
- যুবলীগ নেতা সম্রাট