যবিপ্রবির ৬ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি
যশোর অফিস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৭:৪২
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার নিজ সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এ সময় উপাচার্য জানান, ছয়টি ইউনিটে ৯১০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৩০ হাজার ১৪১ পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ৭ হাজার ২৭৭ জন। সবচেয়ে কম পাসের হার 'ডি' ইউনিটে; ২ দশমিক ৮৮ শতাংশ। সবচেয়ে বেশি পাসের হার 'সি' ইউনিটে; ৫৩ দশমিক ৬৪ শতাংশ।
'এ' ইউনিটের প্রশ্নে ভুল থাকা নিয়ে তিনি বলেন, প্রশ্নের যে কোনো ত্রুটি বা বেনিফিট অব ডাউট শিক্ষার্থীদের পক্ষে রেখে ফল মূল্যায়ন করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থীর সংশয় থাকলে আবেদন সাপেক্ষে তার ফল পুনরায় যাচাই-বাছাই করা হবে।
সম্মেলনে জানানো হয়, এ বছর সাতটি অনুষদের অধীনে ২৬টি বিষয়ে ৯১০ আসনে ভর্তির সুযোগ পাবেন মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীরা। এর বাইরে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও পোষ্য কোটায় ৫৪ জন ভর্তির সুযোগ পাবেন। গতকাল রোববার থেকে ২৭ নভেম্বর পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা চয়েস ফরম পূরণ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, ডিন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনিছুর রহমানসহ জ্যেষ্ঠ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।