প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে ইসির বিরুদ্ধে অভিযোগ: কবিতা খানম
নির্বাচন কমিশনার কবিতা খানম - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:১৩
নির্বাচন কমিশনারদের নামে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেছেন, ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে কেউ কেউ বিভিন্ন অভিযোগ করছেন। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ১৭ জানুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছিলেন দেশের বিশিষ্ট ৪২ নাগরিক।
এর আগে ১৪ ডিসেম্বর প্রথম দফায় চিঠিতে নির্বাচন সংক্রান্ত গুরুতর অসদাচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগে সিইসিসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই নাগরিকরা।
এসব ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে সংবাদ সম্মেলন ডাকেন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, কমিশনের সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তারা প্রত্যেকেই ৩০-৩১ বছর চাকরি করে এসেছেন। আগের চাকরিতে যেভাবে স্বচ্ছ ছিলেন, এখনো স্বচ্ছ আছেন।
প্রশিক্ষণের দুর্নীতির নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে অভিযোগ নিয়ে তার কিছু বলার নেই। প্রশিক্ষণের শুরু থেকেই প্রশিক্ষণার্থীদের সম্মানী দেওয়া হচ্ছে। এখনও দেওয়া হয়। এটা কমিশন থেকে অনুমোদন প্রাপ্ত।
নির্বাচন কমিশনের প্রশিক্ষণের ব্যয় সংক্রান্ত অডিট আপত্তির বিষয়ে তিনি বলেন, অডিট আপত্তি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আসতে পারে, এটা দুর্নীতি না। টাকাটা সঠিকভাবে খরচ হয়েছে কি-না সেজন্যই অডিট হয়।
একজন কমিশনার বলেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কবিতা খানম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু সহিংসতা হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে। তবে আগের তুলনায় সহিংসতা অনেক কম। নির্বাচনের পরিস্থিতি যাতে ব্যাহত না হয় তার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই নির্বাচনের পরিবেশটা ভালো থাকবে।
ইসি নির্বাচনী অনিয়মের কোনো অভিযোগ তদন্ত করেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ইসি প্রত্যেকটা অভিযোগ তদন্ত করেছে। কিছু কিছু বিষয় থাকে ইসির এখতিয়ারের বাহিরে।
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ প্রশাসন ইসির পক্ষে মাঠ পর্যায়ে কাজ করেন। সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আসলে তখন ব্যবস্থা নেওয়া যায়।
ভোটের মাঠ ইসির নিয়ন্ত্রণে থাকে কিনা- এমন প্রশ্নের জবাবে কবিতা খানম বলেন, ভোটের মাঠে আমরা অবশ্য থাকি না। কিন্তু নিউজগুলোতো দেখি। অনেক স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন সব ব্যবস্থাই গ্রহণ করবে।
ভোট কেন্দ্রের গোপন কক্ষে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র এবং বুথ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থাকে। যদি প্রিজাইডিং অফিসারের নামে কোনো অভিযোগ আসে তাহলে তিনি আইনের আওতায় থাকবেন।
- বিষয় :
- নির্বাচন কমিশন
- নির্বাচন কমিশনার
- কবিতা খানম
