প্রকল্প এলাকায় পর্যাপ্ত গাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৮:৩৫
উন্নয়ন প্রকল্প এলাকায় পর্যাপ্ত গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে নতুন সড়ক-মহাসড়কের দুই পাশে বেশি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গাছ ছায়া দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সড়কের সুরক্ষা এবং পরিবেশের উপকারে আসে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পর্যাপ্ত গাছপালার অভাবে দিন দিন বিপন্ন হয়ে উঠছে পরিবেশ। সারাদেশের পরিবেশই বিরূপ হয়েছে উঠছে। গত রোববার বিশ্বের সবচেয়ে বেশি বায়ুদূষণের শহর ছিল ঢাকা। দেশের অন্যান্য জেলাও বায়ুদূষণের শিকার। একনেকের বৈঠকে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর অনুশাসন নিয়ে একটি প্রকাশনা তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এদিন প্রধানমন্ত্রীর হাতে এ প্রকাশনাটি তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ প্রকাশনায় ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের গত জুন পর্যন্ত একনেকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো উল্লেখ রয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রমুখ উপস্থিত ছিলেন।
একনেকের বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাসহ অন্যান্য বিষয় তুলে ধরেন। তিনি জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অনুশাসন মানা হচ্ছে কিনা, সে বিষয়টি তদারক করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে সাত হাজার ৩১৩ কোটি টাকার ছয়টি প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ ব্যয়ে সরকার জোগান দেবে দুই হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ টাকা। বিদেশি উৎস থেকে ঋণ বাবদ চার হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা এবং বাকি ৩২১ কোটি ৬৯ লাখ টাকা বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজেরা জোগান দেবে।
প্রকল্পগুলোর মধ্যে চারটিই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ১৩১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে পালবাড়ী-দড়াটানা-মনিহার-মুড়ালী মোড় পর্যন্ত সড়ক। জাতীয় মহাসড়কের মনিহার থেকে মুড়ালী পর্যন্ত চার লেনে উন্নীতকরণ। ২৪০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সারিয়াকান্দি জেলার মহাসড়ক উন্নয়ন ও বাঙ্গালি নদীর ওপর আড়িয়ারঘাট সেতু নির্মাণ। ৭২৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ। ৫৯ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ফেনী (মাস্টারপাড়া) আলোকদিয়া-ভালুকিয়া-লস্করহাট-ছাগলনাইয়া জেলা মহাসড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ। ২০৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর রোড থেকে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ। ঢাকা ও পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৯৫০ কোটি টাকা।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা
- একনেক