ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা বিষয়ে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ-তুরস্ক

নিরাপত্তা বিষয়ে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ-তুরস্ক
×

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার আংকারার গভর্নর এইচ ই ভ্যাসিপ শাহিনের সঙ্গে সাক্ষাতে মিলিত হন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৯:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৯:১১

বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।

বাংলাদেশ-তুরস্ক স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠকের জন্য সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার আংকারার গভর্নর এইচ ই ভ্যাসিপ শাহিনের সঙ্গে গভর্নর ভবনে সাক্ষাতকালে এ সিদ্ধান্ত হয়।

আলোচনাকালে উভয়ই নিরাপত্তা ছাড়াও ব্যবসায় বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রেও সহযোগিতার  আগ্রহ প্রকাশ করেন। আসাদুজ্জামান খান তুরস্কের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কের গভর্নরকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং তাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনে তুরস্ক সরকারের সার্বিক সহযোগিতার বিষয়ে অনুরোধ করেন।

আংকারার গভর্নর দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের সম্পর্ককে আরও গভীরতর করার ব্যাপারে তার আগ্রহের বিষয়টি মন্ত্রীকে জানান। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকের আগে মন্ত্রী সকালে তুরস্কের রেড ক্রিসেন্টের প্রধান অফিস পরিদর্শন করেন এবং তুরস্কের রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডক্টর কারেম কিনিক এবং তুরস্ক রেডক্রিসেন্টের মহাপরিচালক ডক্টর ইব্রাহিম আলতানের সঙ্গে রেড ক্রিসেন্টের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বিভিন্ন মানবিক সহযোগিতা দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কের জাতির জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আযহারুল হক,  অতিরিক্ত সচিব রাজনৈতিক আবু বকর সিদ্দিক ও জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ-তুরস্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠক বুধবার তুরস্কের আংকারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×