ভারত থেকে পুশ-ইনের তথ্য জানা নেই: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১০:২৫
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত থেকে পুশ-ইনের ঘটনা তিনি পত্রপত্রিকায় দেখেছেন। তবে তিনি সরকারিভাবে এ বিষয়ে কিছু জানেন না। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলো যাচাই করতে হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ৩৩তম সিএসিসিআই সম্মেলন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পুশ-ইনের তথ্যকে স্যোশাল মিডিয়ার গুজব বলেও মন্তব্য করেন তিনি।
ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন হচ্ছে এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি-এনআরসি নিয়ে আতংকের কিছু নেই। এর তালিকা হতেই ২৭-২৮ বছর লেগেছে, এর প্রসেস হতে আরও কত বছর লাগে কে জানে। তা ছাড়া ভারত সরকার বলেছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে বাংলাদেশে কোনো সমস্যা তৈরি করবে না।
পুশ-ইন নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবেন কি-না, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেরই প্রতিবেশী দেশের সঙ্গে ছোটখাটো সমস্যা থাকে। দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও পরিপকস্ফ। আমরা ভারত সরকারকে বিশ্বাস করি। এসব ছোটখাটো ঘটনা সম্পর্কে তারা কোনো সমস্যা তৈরি করবে না।
যশোর-ঝিনাইদহ সীমান্ত দিয়ে সম্প্রতি বেশ কিছু বাংলাভাষী মানুষের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে। এ তথ্যও মন্ত্রণালয়ের জানে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে গত রোববার ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর ৩২ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছিল বিজিবি। যশোর জেলার বেনাপোলের দৌলতপুর সীমান্তের একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়। ৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেনের বরাত দিয়ে এ তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
- বিষয় :
- পররাষ্ট্রমন্ত্রী
- ড. এ কে আব্দুল মোমেন