ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হলি আর্টিসান হামলা মামলার ঘটনাক্রম

হলি আর্টিসান হামলা মামলার ঘটনাক্রম
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ২২:২৬

২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ জন। হামলা প্রতিহত করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা এএসপি রবিউল করিম এবং ওসি সালাউদ্দিন খান নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। 

ঘটনার সময় নিহত পাঁচ জঙ্গিরা হলেন-রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামীহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেস্তোরাঁর কর্মী সাইফুল। 

হলি আর্টিসান মামলার তদন্ত শেষে ওই ঘটনায় ২১ জনের সম্পৃক্ততা মিলে। তাদের আসামি করে গত বছরের ২৩ জুলাই চার্জশিট দেয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তারা হলেন- মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরী, সরোয়ার জাহান ওরফে আব্দুর রহমান, তানভীর কাদেরী ওরফে জামসেদ, নুরুল ইসলাম মারজান, বাশারুজ্জামান চকোলেট, মিজানুর রহমান ওরফে ছোট মিজান, মেজর (অব.) জাহিদুল ইসলাম, রায়হান কবির ওরফে তারেক, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্বল ওরফে বিকাশ, জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, মিজানুর রহমান ওরফে বড় মিজান, মামুনুর রশিদ রিপন ও শরীফুল ইসলাম খালিদ। 

অভিযুক্তদের মধ্যে ১৩ জঙ্গি বিভিন্ন সময় পুলিশ-র‌্যাবের অভিযানে নিহত হয়। তাই চার্জশিটে তাদের নাম রাখা হয়নি। 

চার্জশিটভুক্ত জীবিত ৮ আসামি হচ্ছে নব্য জেএমবির শীর্ষ নেতা জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, আসলাম হোসেন ওরফে রাশেদুল ইসলাম রাশেদ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম খালেদ, মামুনুর রশিদ রিপন ও আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেল। 

গত বছরের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় ৮ জঙ্গির বিচার।

আরও পড়ুন

×