হলি আর্টিসান মামলার রায় পড়া শুরু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০০:১৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০২:১৬
রাজধানীর গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় পড়া শুরু হয়েছে। এর আগে মামলার আট আসামিকে হাজতখানা থেকে নেওয়া হয়েছে আদালত কক্ষে।
পুরান ঢাকার আদালতপাড়ায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বসে বিচারক মজিবর রহমান আলোচিত এই মামলার রায় দেবেন।
বুধবার বেলা ১২টার দিকে এ আদালতের কার্যক্রম শুরু হয়েছে।
আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, এ মামলার আট আসামিকে সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়।
পরে বেলা ১২টার আগে তাদের হাজতখানা থেকে মহানগর দায়রা জজ আদালতের পঞ্চমতলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের এজলাসে নেওয়া হয়।
আট আসামি হলো- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন।
এদিকে আদালত চত্বর এবং আশপাশের সব সড়কে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের এবং একজন ভারতীয়।
এ ছাড়া জঙ্গিদের হামলার শুরুতেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। রেস্তোরাঁর ভেতরে রাতভর জিম্মি ছিলেন অন্তত ২৪ জন, যাদের প্রায় ১১ ঘণ্টা পর পরদিন সকালে সেনা কমান্ডো পরিচালিত ‘অপারেশন থান্ডার বোল্টে’র সময় উদ্ধার করা হয়। এ ছাড়া রাতের বিভিন্ন সময় উদ্ধার করা হয় আরও অন্তত ৭ জনকে।
অপারেশন থান্ডার বোল্টের পর রেস্তোরাঁ থেকে ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া পালাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে মারা যান আরেক রেস্তোরাঁকর্মী।
- বিষয় :
- হলি আর্টিসান
- মামলা
- রায়