রায়ের প্রতি আমরা সংক্ষুব্ধ: আসামি পক্ষের আইনজীবী
আসামি পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৩:০৪
রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায় সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান বুধবার জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। পরে আসামি পক্ষের অন্যতম আইনজীবী দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘রায়ের প্রতি আমরা সংক্ষুব্ধ। আমরা আদালতকে বারবার বলেছি যে, রাষ্ট্রপক্ষ যেসব সাক্ষী আদালতে উপস্থাপন করেছেন, তা থেকে আসামিরা ন্যায়বিচার পাবেন। কিন্তু আজকে বিচারক যে রায় দিলেন, তাতে আমরা সংক্ষুব্ধ। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।’
রায়ে আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার আট আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। এদের মধ্যে মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজনভ্যানে কারাগার থেকে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ জন। হামলা প্রতিহত করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা এএসপি রবিউল করিম এবং ওসি সালাউদ্দিন খান নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেস্তোরাঁর কর্মী সাইফুল।