হলি আর্টিসানের রায় জঙ্গিবাদ প্রশমনে যুগান্তকারী: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৫:১৫ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৫:৪৩
রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মামলায় সাতজনের ফাঁসির রায়কে জঙ্গিবাদ প্রশমনের ক্ষেত্রে যুগান্তকারী বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে এ কথা বলেন। রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলে একটি সামাজিক আন্দোলন দরকার।
তিনি বলেন, 'আমাদের দেশ যে জঙ্গিবাদ উৎপাটনের ক্ষেত্রে আন্তরিক এবং দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম এই মামলার রায় থেকে এটি প্রমাণ হচ্ছে।'
মাহবুবে আলম বলেন, 'হলি আর্টিসানে নৃশংস হামলার ঘটনাটি আমাদের দেশের ভাবমূর্তি অনেকটা ম্লান করেছিল। এ রায়ের ফলে আমাদের সে ভাবমূর্তি উজ্জ্বল হবে।আমাদের দেশে জঙ্গিবাদ নির্মূলে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের যে তৎপরতা- এটি প্রমাণিত হয়েছে।'
মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, 'এ রায়ের পরে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য) হিসাবে মামলাটি হাইকোর্টে আসবে। তখন আমরা আমাদের সবরকম প্রস্তুতি নিয়ে মামলাটি পরিচালনা করার চেষ্টা করবো। যাতে জঙ্গিবাদের ব্যাপারে আদালত যে রায় দিয়েছেন, সে রায়টি বহাল থাকে।'
জঙ্গিবাদের বিষয়ে মাহবুবে আলম বলেন, অন্যান্য যারা জঙ্গিবাদে সম্পৃক্ত হচ্ছে এই রায় তাদের কাছে একটা বার্তা। দুঃখজনক ব্যাপার যারা বিত্তবান ঘরের ছেলে, তারাই ভালো স্কুলে পড়াশোনা করছে, তারাই এসব জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হচ্ছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।
এর আগে বুধবার হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
- বিষয় :
- অ্যাটর্নি জেনারেল
- মাহবুবে আলম
- হলি আর্টিসান