সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ২৩:১৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ২৩:১৯
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ গুণী অভিনেতা। তার বয়স হয়েছিল ৮০ বছর।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, 'এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।'
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অভিনয়ের জন্য আজীবন সম্মাননাসহ ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এটিএম শামসুজ্জামান। ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।
- বিষয় :
- এটিএম শামসুজ্জামান
- মৃত্যু
- রাষ্ট্রপতির শোক
