প্রাণিসম্পদ খাতের প্রকল্প দেশে যুগান্তকারী উন্নয়ন ঘটাতে পারে: শ ম রেজাউল
সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২১ | ০৯:৫৪ | আপডেট: ০৬ মে ২০২১ | ১০:১২
প্রাণিসম্পদ খাতে সরকারের চলমান প্রকল্পের যথাযথ বাস্তবায়ন দেশে যুগান্তকারী উন্নয়ন ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সভা কক্ষে অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানের চেয়ে সমৃদ্ধ কাজ করতে পারলে আমরা এ উন্নয়নের লক্ষ্য অর্জনে সক্ষম হবো। আর এর সুফল দেশের জনগণ পাবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক ও মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ প্রাণিসসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল জলিল, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, ডা. আইনুল হক ও ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, বাংলাদেশ প্রাণিসসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. নাথু রাম সরকার, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম প্রমুখ।
