গণমাধ্যমে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা নেই: বিমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২১:০৪
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-সংশ্লিষ্ট বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এ বিমান সংস্থা। মঙ্গলবার বিমানের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে তথ্যপ্রবাহের গুরুত্বকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করে। জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানের ৫৪ বছরের গৌরবময় যাত্রায় যাত্রীসেবা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা সমুন্নত রাখার বিষয়ে প্রতিষ্ঠানটি সর্বদা সচেষ্ট।
বিমানের কার্যক্রম, সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সম্মানিত সাংবাদিকবৃন্দ তাদের পেশাগত বিবেচনা ও সম্পাদকীয় নীতিমালা অনুসরণে স্বাধীন। একই সঙ্গে, সংশ্লিষ্ট বিষয়ে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্যের প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য প্রদানে যথাসাধ্য সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আশা করে, পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত সহযোগিতা ও তথ্যের যথার্থতার ভিত্তিতে গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। যাত্রীসেবার মানোন্নয়ন এবং জনআস্থা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবার গঠনমূলক সহযোগিতা কামনা করছে প্রতিষ্ঠানটি।