জুলাই মানবতাবিরোধী অপরাধ
জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
মুহম্মদ জাফর ইকবাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২১:০৯
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এক মামলায় শাবিপ্রবির সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ দেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, উস্কানি এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় মোট আসামি আটজন। তাদের মধ্যে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ এই মামলার গ্রেপ্তারকৃত তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অপর পাঁচ আসামি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, মাকসুদ কামাল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন এখনও গ্রেপ্তার হননি। তারা যেন ধার্য তারিখে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন, সে জন্য দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী তারিখ আগামী ১২ নভেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।