ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ
×
×

মহাসড়ক অবরোধ করা কৃষকদের সঙ্গে কথা বলছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২২:৩১

সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। তারা ডিলারের বিরুদ্ধে কালোবাজারে বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ তুলেছেন। আজ মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন কৃষকরা। এতে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট সার ডিলারের বাড়ি বগুড়ায়। কিন্তু স্থানীয় জাদু মেম্বার ও ভুট্টু নামের দুই ব্যক্তি দায়িত্বে থেকে সার বিতরণ করেন। ডিলারের লোকজন একটি সিন্ডিকেট গড়ে তুলে গভীর রাতে নিজেদের পছন্দের লোকজনকে ১০-১২ বস্তা করে সার দিচ্ছেন। অথচ সাধারণ কৃষকরা দিনের পর দিন ঘুরেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না।

কৃষকরা বলেন, সকাল ৬টা থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। পরে বলে সার নেই। বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা। চরাঞ্চলের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক মমিনুর ইসলাম বলেন, ডিলারের মাধ্যমে সার বিতরণ বন্ধ করে খোলাবাজারে সার সরবরাহ চাই। সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কালোবাজারে সার বিক্রির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

কৃষক একরামুল বলেন, যে সময়ে সারের প্রয়োজন, সেই সময়ে যদি না পাই, তাহলে কৃষক ও কৃষকের পরিবার কীভাবে বাঁচবে? কৃষি কর্মকর্তা তো বলেন, সার আছে, কোনো সংকট নেই। কিন্তু সার কোথায় গেল?

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-অর রশিদ বলেন, সার বিতরণের জন্য আমাদের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বিতরণ সম্পন্ন করতে কিছুটা সময় দিতে হবে। প্রয়োজনে আমরা আগামী মাসের বরাদ্দের সারও দিতে পারব। বর্তমানে ছয়টি ওয়ার্ডে সার বিতরণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে সার বিতরণ শেষ হবে। কালোবাজারে সার বিক্রির কোনো সুযোগ নেই।  

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র বলেন, ঘটনা শুনে আমি সেখানে পৌঁছে সড়ক অবরোধকারীদের সঙ্গে কথা বলি এবং সারের সমস্যা সমাধানের আশ্বাস দিই। তাদের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×