ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২২:৩৮

রাজধানীর আদাবরে আব্দুল আহাদ মুন্না নামে স্থানীয় যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর-১৩ নম্বর সড়কের শেষ মাথায় ইয়ার উদ্দিন খলিফা ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে। 

আহত মুন্না আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, পূর্ববিরোধের জের ধরে রিপন ওরফে বাচ্চা রিপন এবং তাঁর সহযোগীরা মুন্নার ওপর হামলা চালান। তারা চাপাতি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন মুন্নাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় নিরাপত্তাকর্মীদের কাছ থেকে টাকা উত্তোলন এবং ১৩ নম্বর সড়কের একটি খালি কক্ষ যুবদলের কার্যালয় হিসেবে ব্যবহার করা নিয়ে যুবদলের এই দুই সদস্যের মধ্যে বিরোধ চলে আসছে। হামলায় অভিযুক্ত রিপন ও আহত মুন্না দুজনই আদাবর থানা যুবদলের সদস্য। তারা দুজনই যুবদল নেতা সজীব আহম্মেদ রানার অনুসারী হিসেবে বিএনপির রাজনীতি করেন। সজীব ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

আরও পড়ুন

×