যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২২:০৮
নীলফামারীর ডোমারে বিরোধের জেরে শ্যামল শর্মা (৩৮) নামে এক যুবককে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহনাজ বেগম (৩০) ও আব্দুর রশীদ (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
নিহত শ্যামল শর্মা ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শুসেন শীলের ছেলে। গ্রেপ্তার শাহনাজ বেগমের বাড়ি রাজশাহীতে। আব্দুর রশীদ স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার নীলাহাটি শ্মশানঘাট এলাকায় এক নারীকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কৌশলে শ্যামল শর্মাকে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে।
- বিষয় :
- নীলফামারী
- পিটিয়ে হত্যা
- গ্রেপ্তার