কুড়িগ্রামের খাদ্যগুদাম থেকে ২ কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে মামলা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২২:২২
কুড়িগ্রাম সদর খাদ্যগুদাম থেকে ২ কোটি ১ লাখ টাকা মূল্যের খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ আহমেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে মঙ্গলবার ওই কার্যালয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মামলার অন্য আসামিরা হলেন- পাটগ্রাম এলএসডির সহকারী উপখাদ্য পরিদর্শক মো. হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হামিদুল হক।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহসংক্রান্ত নথিতে অসংগতি তৈরি ও তা ব্যবহারের মাধ্যমে ২ কোটি ১ লাখ টাকা মূল্যের খাদ্যশস্য আত্মসাৎ করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে এসব অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ রেকর্ডবহির্ভূত ১১৯ মেট্রিক টন চালের মজুত দেখিয়েছেন। ওই চালের মূল্য হিসেবে এজাহারে ‘৬৯৩ কোটি ৯ লাখ ৯৫৯ হাজার টাকা’ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।