জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২২:৪৫
স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রণীত প্রশিক্ষণ ম্যানুয়াল বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) তৃতীয় তলার সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ বাস্তবায়নাধীন ‘গো ফর ইমপ্যাক্ট’ কর্মসূচির আওতায় এনআইএলজির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন এনআইএলজির প্রশিক্ষণ ও পরামর্শ বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. কায়েসুজ্জামান। প্রশিক্ষণ ম্যানুয়ালের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন তিনি এবং এনআইএলজির সহকারী পরিচালক মনিকা মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতিকে বিজ্ঞানসম্মত চর্চার সঙ্গে যুক্ত করার উপায় প্রণয়ন করতে হবে, যাতে পরিবেশের ওপর সঠিক ও ইতিবাচক প্রভাব নিশ্চিত করা যায়।
বিশেষ অতিথি আজমান আহমেদ চৌধুরী আয়োজনটি সফল করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জলবায়ু-সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনআইএলজির সঙ্গে কাজ করে যাবে ওয়াটারএইড বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে মো. কায়েসুজ্জামান বলেন, নতুন প্রশিক্ষণ ম্যানুয়ালগুলো এনআইএলজির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় সরকার প্রতিনিধি ও কর্মকর্তারা জলবায়ু-সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে পারবেন।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া) এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া নওগাঁ ও সাতক্ষীরা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা ও কোইকার প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্যানেল আলোচকরা নতুন প্রশিক্ষণ ম্যানুয়াল নিয়ে তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ ম্যানুয়াল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এ ম্যানুয়ালের আলোকে চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত নওগাঁ ও সাতক্ষীরা জেলার ৫৫১ জন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে ১৫টি ব্যাচে আবাসিক প্রশিক্ষণ দিয়েছে এনআইএলজি।
- বিষয় :
- প্রশিক্ষণ