ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

চীনে চাকরির প্রলোভনে ঢাকায় এনে আটকে রাখা ১২ নারী উদ্ধার

চীনে চাকরির প্রলোভনে ঢাকায় এনে আটকে রাখা ১২ নারী উদ্ধার
×
×

উদ্ধার হওয়া ১২ নারীর ১০ জন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২০:৫৬

চীনে ভালো বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারীকে আটকে রাখার অভিযোগ উঠেছে। তাদের বিদেশে পাচারের উদ্দেশ্যে রাজধানীর দুটি বাসায় আটকে রাখা হয়েছিল। এর মধ্যে দুজনের বয়স ১৫ বছর। সোমবার উত্তরা পশ্চিম ও ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

এসআরবি-১ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নারীকে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ভাটারা এলাকায় অভিযান চালানো হয়। সোমবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়। 

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, তাদের চীনে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর জন্য চাপ দেওয়া হয়। উদ্ধার হওয়া ১২ নারীকে প্রয়োজনীয় কার্যক্রম শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে এসআরবি–১।

আরও পড়ুন

×