ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে তিন দিনের পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার

রাজধানীতে তিন দিনের পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২১:৪৩

আগামী বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) ১৪তম বারের মতো এ মেলা আয়োজন করছে। অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে ২০টির বেশি দেশের পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবেন। মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। 

মঙ্গলবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টোয়াবের পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) আবুল বাসেত বাবু। তিনি জানান, ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি চলবে আগামী শনিবার পর্যন্ত। এর টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস।

আবুল বাসেত বাবু বলেন, বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো এবং নতুন বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।

মেলার আয়োজকরা জানান, এবারের মেলায় ২০ জনের বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা এবং আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী থাকবেন। তিন দিনে ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থী মেলা পরিদর্শন করবেন বলে আশা করছেন তারা। 

সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় এক ছাদের নিচে টিকিট, হোটেল ও ট্যুর প্যাকেজ মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনেই, সৌদি আরব, মালয়েশিয়া, আজারবাইজানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটরদের অংশগ্রহণ থাকবে।

টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, মেলায় দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক বৈঠক, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। দর্শনার্থীরা মেলা থেকে বিশেষ মূল্যছাড়ে বিমান টিকিট, হোটেল বুকিং ও বিভিন্ন ট্যুর প্যাকেজ নেওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, পর্যটন খাতের বিভিন্ন বিষয়ে সরকারি দপ্তরগুলোর সঙ্গে যেসব জটিলতা রয়েছে, সেগুলো সমাধানে আলোচনা চলছে। সেন্ট মার্টিন্সে পর্যটন কার্যক্রম এবং সুন্দরবনে পর্যটকদের প্রবেশসংক্রান্ত বিষয়গুলো নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, পর্যটন ও অ্যাভিয়েশন খাতের উন্নয়নে শুধু পরিকল্পনা নয়, বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ের, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলস বিভাগের প্রধান রহমত আলী, টোয়াবের সাবেক সভাপতি ও প্রধান ফেয়ার কো-অর্ডিনেটর মোহাম্মদ রাফিউজ্জামান প্রমুখ।

আরও পড়ুন

×