আইফোনের লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
গ্রেপ্তার সাহেল
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ২৩:১০
হবিগঞ্জের নবীগঞ্জে তারেক হত্যা মামলার প্রধান পলাতক আসামি সাহেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইফোনের লোভে বন্ধুকে হত্যার পর মরদেহ গুম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌশতপুর এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহেল মিয়া চৌশতপুর গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। নিহত তারেক একই গ্রামের মারফত উল্লাহর ছেলে। তারা দুজন বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বন্ধুত্বের সূত্রে সাহেল ও তারেক লাখাই উপজেলায় যান। এ সময় তারেকের কাছে একটি দামি আইফোন ছিল। ওই ফোনের লোভে সাহেল তাকে হত্যা করে মরদেহ লাখাই এলাকার একটি খালে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।
তারেক নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশের তদন্ত ও অভিযানে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, গ্রেপ্তারের পর সাহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিশের একটি দল লাখাই থানা এলাকায় যায়। এছাড়াও সাহেলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।