ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

খুবির ষষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর

খুবির ষষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৪

আগামী ২২ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হচ্ছে অপরূপ সাজে। ফুলের সমাহারে শোভা পাচ্ছে প্রবেশ দ্বার থেকে মূল অনুষ্ঠানস্থল পর্যন্ত। 

শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ২২টি উপ-কমিটি নিরন্তর প্রচেষ্টা করছে স্ব স্ব কমিটির কার্যক্রম সম্পন্নে। স্টিয়ারিং কমিটি এবং অর্গানাইজিং কমিটি সার্বিক প্রস্তুতি তত্ত্বাবধান ও পর্যালোচনা করছে। 

গোটা বিশ্ববিদ্যালয় এখন উৎসবমুখর। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অনুষ্ঠানস্থলসহ গোটা ক্যাম্পাস ও আশপাশের এলাকা বিশেষ নিরাপত্তা মনিটরিংয়ের আওতায় নেওয়া হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তনের মূল অনুষ্ঠানের আগে দুপুর ২টা ৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অদূরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ উদ্বোধন করবেন। 

সমাবর্তন অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে দুপুর আড়াইটায় সমাবর্তন-শোভাযাত্রাসহ চ্যান্সেলরের অনুষ্ঠানস্থলে আগমন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা, খুবির ট্রেজারারের স্বাগত বক্তব্য, চ্যান্সেলর কর্তৃক ডিগ্রি ও স্বর্ণপদক প্রদান, ভাইস-চ্যান্সেলরের বক্তব্য, বিশেষ অতিথি প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর বক্তব্য, সমাবর্তন বক্তা প্রফেসর ড. অনুপম সেন এর বক্তব্য, বিশেষ অতিথি ডা. দীপু মনির বক্তব্য, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের ভাষণ, ক্রেস্ট বিনিময়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা, জাতীয় সঙ্গীত এবং বেলা সাড়ে ৩টায় রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রস্থান।

সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, খুলনা সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্য,  সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সামরিক ও বেসামরিক, বিভাগীয়, জেলা পর্যায়ের প্রশাসন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার কর্মকর্তা, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

এবার ষষ্ঠ সমাবর্তনে ৪ হাজার ৪৭৮ জনকে স্নাতক, ২ হাজার ৫৩০ জনকে স্নাতকোত্তর, ৫ জনকে এমফিল ও ৮ জনকে পিএইচডি এবং ১৭ জনকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য এবার ২৩ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হবে।

১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে এর আগে ৫টি সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রথম সমাবর্তন ১৯৯৭ সালের ১০ এপ্রিল, দ্বিতীয় সমাবর্তন ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি, তৃতীয় সমাবর্তন ২০০৭ সালের ১৯ মার্চ, চতুর্থ সমাবর্তন ২০১০ সালের ২৮ ডিসেম্বর এবং পঞ্চম সমাবর্তন ২০১৫ সালের ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।  

আরও পড়ুন

×