ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশে এবার শনাক্ত করোনার ল্যামডা ধরন

দেশে এবার শনাক্ত করোনার ল্যামডা ধরন
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১ | ১১:১৬

করোনার ভারতীয় ধরন ডেলটার দাপটের মধ্যেই দেশে নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। পেরু ভ্যারিয়েন্ট বা ল্যামডা নামের এ ধরনটি (সি.থার্টি সেভেন) রাজধানীতে ৪৯ বছর বয়সী এক মহিলার নমুনায় পাওয়া গেছে। গত মার্চে ওই নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করে নতুন ধরনটির খোঁজ পায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। ল্যামডা প্রথম শনাক্ত হয় ২০২০ সালের আগস্টে দক্ষিণ আমেরিকার পেরুতে। বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ধরনটি। তবে সবচেয়ে বেশি ছড়িয়েছে পেরুতে।

বিসিএসআইআর জানিয়েছে, জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জাতে (জিআইএসএআইডি) জিনোম সিকোয়েন্সের এ তথ্য আপলোড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ মিউটেশন (রূপান্তর) তেমন প্রভাব ফেলে না। কিন্তু ভাইরাসের স্পাইক প্রোটিনে মিউটেশন হলে ভয়ানক পরিবর্তন ঘটতে পারে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

বিশ্বে ছড়িয়ে পড়া প্রধান ধরনগুলো হলো- যুক্তরাজ্যের আলফা (ই.১.১.৭), দক্ষিণ আফ্রিকার বেটা (ই.১.৩৫১), ব্রাজিলের গামা (চ.১) ও ভারতের ডেলটা। দেশে গত ফেব্রুয়ারিতে গামা শনাক্ত হয়। নাইজেরিয়ার ইটাও (ই.১.৫২৫) দেশে পাওয়া গেছে।

ল্যামডা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। কারণ ল্যামডা দ্রুত বিস্তার লাভে সক্ষম। বিশেষ করে পেরুতে শনাক্তদের ৮০ শতাংশই ল্যামডায় আক্রান্ত। দেশটির কভিড রোগীর অধিকাংশের মৃত্যুর জন্যও দায়ী এ ধরনটি।

মালয়েশিয়ার দি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, করোনার নতুন ধরন ল্যামডা নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। ল্যামডাকে ডেলটার চেয়েও প্রাণঘাতী বলছে প্রতিষ্ঠানটি।

পেরুর কায়েটানো হেরেডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাবলো সুকায়ামা জানিয়েছেন, তার দেশে করোনা শনাক্তদের ৮২ শতাংশ ল্যামডায় আক্রান্ত। এর মধ্যে ১০ শতাংশই মারা যাচ্ছে। মৃত্যুর হার প্রতি লাখে ৬০০ জন। এ থেকে বোঝা যায়, অন্য ধরনগুলোর চেয়ে ল্যামডা বেশি প্রাণঘাতী।

আরও পড়ুন

×