ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বেচ্ছাচারিতার অভিযোগ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বেচ্ছাচারিতার অভিযোগ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১ | ১০:২৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ | ১০:২৫

রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বেচ্ছাচারিতা চলছে বলে অভিযোগ করেছেন ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের দায়িত্বপ্রাপ্তরা। তারা বলেন, শিশুদের সুবিধা-অসুবিধার কথা কর্তৃপক্ষকে জানানো যায় না। শিক্ষা কার্যক্রম নিয়ে অভিভাবকদের সঙ্গে কথাও বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অভিভাবকরা। যেসব স্কুলের নিজস্ব ক্যাম্পাস রয়েছে, সেগুলোর অন্তত ৫০ শতাংশ টিউশন ফি হ্রাস করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আর যেসব স্কুল ভাড়া ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে, সেগুলোর অন্তত ৩০ শতাংশ টিউশন ফি হ্রাস করার দাবি জানান অভিভাবকরা। একই সঙ্গে করোনাকালে বকেয়া টিউশন ফির জন্য কোনো শিক্ষার্থীকেই শিক্ষা গ্রহণের অধিকার থেকে যেন বঞ্চিত করা না হয়, সে দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, স্কুলে সশরীরে ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর ভ্যাকসিন কার্ড স্কুল কর্তৃপক্ষের জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নজরদারিতে রাখতে হবে।

শিক্ষার্থীদের টিকা দেওয়ার দাবি জানিয়ে ফোরামের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর সাকলায়েন বলেন, আমরা স্কুল খুলে দেওয়াকে স্বাগত জানাচ্ছি। তবে সবাইকে যদি টিকার আওতায় না আনা যায়, তাহলে সংক্রমণ বাড়তে পারে।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় যৌক্তিক টিউশন ফি নির্ধারণ করার দাবি জানান সংগঠনের আহ্বায়ক আফরোজা আক্তার। তিনি বলেন, স্কুল পরিচালনায় নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সম্মিলিত স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে।

সংবাদ সম্মেলনে ফোরামের সদস্য রিয়াজ আনোয়ার বলেন, স্কুলে গেলেও অধ্যক্ষ বা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যায় না। তারা অভিভাবকদের সঙ্গে কথা বলেন না। তারা কী চান, আমরা জানি না।

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের দেড় বছর আগে গঠিত কমিটি ভেঙে দিয়ে শুক্রবার নতুন কমিটি গঠন করা হয়েছে।


আরও পড়ুন

×