ডাকসুর ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার
বুধবার সকালে বনানীর হলি স্পিরিট ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। ছবি: ডিএমপি নিউজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০২:২৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার সকালে বনানীর হলি স্পিরিট ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ডাকসুতে ভিপি নুরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, বড়দিন উদযাপনে নিরাপত্তা ঝুঁকি নেই।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে মোহা. শফিকুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং সন্তোষজনক। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় খ্রিষ্টীয় ধর্মীয়গুরু ও পূর্ণার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। নিরাপত্তা নিয়ে কোন ধরনের আশঙ্কা তৈরি হয়নি।
হলি স্পিট ক্যাথলিক চার্চের পরিচালক ফাদার প্যাট্রিক শিমল গমেজ সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অনেক নিরাপত্তা দিচ্ছেন। আমরা নিরাপত্তার সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি।
এ সময় খ্রিষ্টীয় ধর্মগুরু ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বড়দিন উপলক্ষে কেক কাটেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
- বিষয় :
- ডাকসু
- নুরুল হক নুর
