ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ইসির স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি: মাহবুব তালুকদার

ইসির স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি: মাহবুব তালুকদার
×

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৮

নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি বলে মনে করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার সকালে নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

মাহবুব তালুকদার বলেন, 'কেন নির্বাচন নিরপেক্ষ, শুদ্ধ ও গ্রহণযোগ্য হয় না– এ প্রশ্নের উত্তর আত্মজিজ্ঞাসার কারণেই আমাকে খুঁজতে হয়েছে। আমার অভিজ্ঞতা হচ্ছে, নির্বাচন কমিশন আইনত স্বাধীন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি।'

এ জন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন– এমন অভিমত দিয়ে তিনি বলেন, নির্বাচন যদি গণতন্ত্রের পূর্বশর্ত হয়, তাহলে গণতন্ত্রের পদযাত্রা অবারিত করতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে।

অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি বা গণতন্ত্রের প্রতি কোনো 'কমিটমেন্ট' থাকে না বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, ঢাকার উভয় সিটি করপোরেশন নির্বাচনে এবারই সার্বিকভাবে ইভিএম ব্যবহার করা হচ্ছে। ইভিএম নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।

ঢাকার দুই সিটি নির্বাচনে পুরোপুরি ইভিএমে ভোটগ্রহণকে নির্বাচন কমিশনের জন্য 'অগ্নিপরীক্ষা' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা যদি সফল হতে পারি, তাহলে পরে সর্বক্ষেত্রে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে।'

এ প্রসঙ্গে মাহবুব তালুকদার আরও বলেন, 'ইভিএমে ভোটগ্রহণ প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এজন্য ইভিএমে সতর্কতার সঙ্গে ভোটগ্রহণ করে ভোটারদের আস্থা অর্জনের বিকল্প নেই।'

বরিশাল, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয়- উল্লেখ করে তিনি বলেন, 'আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিগত ওই তিনটি সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না।'

এ সময় তিনি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

×