ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই
×

সৈয়দ মোয়াজ্জেম আলী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৩:২১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৯

সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী (৭৫) আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

সরকারি চাকরি থেকে অবসরের পরও মোয়াজ্জেম আলী চুক্তিভিত্তিক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব পালন করছিলেন। গত নভেম্বরে সেই চুক্তির মেয়াদ শেষ হলে দেশে ফিরে আসেন তিনি।

মোয়াজ্জেম আলী ১৯৪৪ সালের ১৮ জুলাই সিলেটে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএস করেন। এরপর তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নেন। ১৯৭৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয় স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে পড়াশোনা করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত ছিলেন। পরে বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন। ১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন। ১৯৮২-১৯৮৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন এবং ১৯৮৬-১৯৮৮ সালে ভারতে বাংলাদেশি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

×