জেএসসি-জেডিসি: শতভাগ পাস ৫২৪৩ প্রতিষ্ঠানে, ৩৩টির সবাই ফেল
সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০০:৫০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৫
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' (জেএসসি) ও 'জুনিয়র দাখিল সার্টিফিকেট' (জেডিসি) পরীক্ষায় এবার ৫ হাজার ২৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে। আর ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।
এবার গত বছরের তুলনায় শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৭৪টি। গত বছর শতভাগ পাস করেছিল ৪ হাজার ৭৬৯টি প্রতিষ্ঠানে।
এবছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গত বছর ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। এবছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩টিতে।
মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণির শিশুদের 'প্রাথমিক শিক্ষা সমাপনী' (পিইসি), অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' (জেএসসি) ও 'জুনিয়র দাখিল সার্টিফিকেট' (জেডিসি) পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন।
এরপর সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ ভাগ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ ভাগ। এবছর পাসের হার গত বছরের তুলনায় ২ দশমিক ০৭ ভাগ বেশি।
এবছর ২৬ লাখ দুই হাজার ৫৩ জন অংশগ্রহণকারী পরিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন, যা গত বছর ছিল ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। এবছর বেশি পাস করেছে ৫৬ হাজার ৪৪২ জন।
এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। এবছর জিপিএ-৫ ১০ হাজার ৩৩৪ জন বেশি পেয়েছে।
