দিনাজপুরে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
ফাইল ছবি সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪০
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। এ বছর জেএসসি পরীক্ষায় পাস করেছে ৮৩ দশমিক ৯২ শতাংশ পরীক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৬৫ জন।
গত বছরে এ পরীক্ষায় পাসের হার ছিল ৮১ দশমিক ৬৩ শতাংশ আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৩০৩ জন।
এবারে এ বোর্ডে গণিত ও ইংরেজিতে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান। তিনি জানান, মোট অকৃতকার্যের মধ্যে ২৩ হাজার ১৬০ জন ইংরেজিতে ও ১৯ হাজার ৬৬৬ জন গণিতে অকৃতকার্য হয়েছে। শতভাগ পাস করেছে ২৮৪টি প্রতিষ্ঠান আর একজনও পাস করতে পারেনি ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ বছর দিনাজপুর বোর্ড থেকে ২ লাখ ৬৮ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। যার মধ্যে পাস করেছে ২ লাখ ১৯ হাজার ৮১৫ জন। এর মধ্যে মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ০১ শতাংশ আর ছেলেদের পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন ও ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৪৮৮ জন।
ফলাফলের দিক দিয়ে এ বোর্ডের ৮টি জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে গাইবান্ধা জেলা। এ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৭৪ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২ জন। এছাড়া পাশের দিক দিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর এবং কুড়িগ্রাম জেলা।
