ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

হাইকোর্টের রুল

স্বামীর ঠিকানাকে স্ত্রীর ঠিকানা লেখার শর্ত কেন অবৈধ নয়

স্বামীর ঠিকানাকে স্ত্রীর ঠিকানা লেখার শর্ত কেন অবৈধ নয়
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৪

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দুটি সংগঠনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, বাণিজ্য সচিব, অর্থ বিভাগের সচিবসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনটি দায়ের করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট্র (ব্লাষ্ট) ও নারীপক্ষ। আবেদনের পক্ষে শুনানি করেন-আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনে 'বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি নারীর ঠিকানার শর্তের সমালোচনা' শীর্ষক প্রকাশিত একটি দৈনিকের প্রতিবেদনও যুক্ত করা হয়।

পরে আইনুন্নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক ১ ডিসেম্বর ওই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তির ১৪ নম্বর পয়েন্টে বলা হয়েছে, 'বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে'। এটি সংবিধানে উল্লিখিত নারী-পুরুষ সমতার লঙ্ঘন। সংবিধানের ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে, (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। (২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তর নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।

আরও পড়ুন

×