শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যায় আসামি হারুনের বিচার শুরু
হারুন অর রশিদ- ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৬:১৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৬:২১
রাজধানীর ওয়ারীতে ছয় বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় একমাত্র আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান অভিযোগ গঠন করে আগামী ৮ জানুয়ারি প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর মধ্যে দিয়ে এ হত্যা মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আদালতে বৃহস্পতিবার হারুনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন এমএ বারী। এদিন অভিযোগ গঠনের সময় আদালতের প্রশ্নের জবাবে নিজেকে দোষী বলে স্বীকার করেন আসামি হারুন।
আসামি হারুনের বাড়ি কুমিল্লায়। ওয়ারীর বনগ্রামের যে বহুতল ভবনে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘটে, তার অষ্টম তলায় খালাতো ভাই পারভেজের বাসায় থাকতেন হারুন। ঠাঁটারীবাজারে পারভেজের রঙের দোকানেই তিনি কাজ করতেন।
গত ৫ নভেম্বর এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারী জোনাল টিমের পরিদর্শক মো. আরজুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ৫ জুলাই সন্ধ্যায় পারভেজের ছোট ছেলের সঙ্গে খেলতে ওই বাসায় যায় সিলভারডেল স্কুলের ছাত্রী সায়মা। তখন হারুন খালি ছাদ দেখানোর কথা বলে তাকে ভবনের নবম তলার একটি খালি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করে। এ ঘটনায় সায়মার বাবা আব্দুস সালাম পরদিন ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে আসামি হারুনকে গ্রেফতার করা হয়। পরদিন হারুন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
