ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে বনের জমি ইজারা অবৈধ: হাইকোর্ট

শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে বনের জমি ইজারা অবৈধ: হাইকোর্ট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৮:৫২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুরে চিহ্নিত বনাঞ্চলের জমিতে বিবিসি স্টিল কোম্পানির শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য জমি ইজারা দেওয়াকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

রায়ে দেশের বনভূমির অব্যবস্থাপনা ও অপ্রতুলতার কথা উল্লেখ করে বন আইনের ৪ ধারায় গেজেটভুক্ত কোনো বনভূমি জাহাজভাঙা ইয়ার্ডের অনুকূলে লিজ না দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বন আইনের অধীনে গেজেটভুক্ত সব বনভূমি সংরক্ষণ করতেও বলা হয়েছে।

আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। বিবিসি স্টিল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

মামলার বিবরণে জানা যায়, সীতাকুণ্ডে উপকূলীয় এলাকায় চিহ্নিত বনের জায়গায় শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য বিবিসি স্টিল কোম্পানিকে ৭ দশমিক ১০ একর জায়গা লিজ দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। জনস্বার্থে ওই ইজারা বাতিলের জন্য গত বছরের ২৫ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসনকে আইনি নোটিশ দেয় বেলা।

এরপর চট্টগ্রাম জেলা প্রশাসন ইজারা বাতিল না করায় বনাঞ্চলের জমি ইজারা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ২৮ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করে পরিবেশবাদী সংগঠনটি। ওই রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৩ মে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞাসহ রুল জারি করা হয়। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন

×